শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০১৪

পাঁচটি কবিতা / সজল দাস

এক

ঘুম ভেঙে দেখছি
হাত থেকে চুড়ি খুলে পড়েছে

দেখলাম, চুড়ি থেকে
হাত খুলে পড়েছে কোথাও

আর তুমি ঘুমোচ্ছ

ঘুমের কোথাও থেকে ঘুমের কোথাও-এ
চুড়ি ও হাত
শুয়ে আছে পাশাপাশি

আর
আমি কিনা ভাবছি, কী হত
তুমি আজ চুড়ি না পরলে!



দুই

ঝুঁকে দাঁড়ানো মানুষটি বোঝেই না
স্রোত তার ছায়া নিয়ে চলে গেছে



তিন

কথা থেকে ফিরে এসে দেখি
শুনশান পড়ে আছে রান্নাঘর

আর এতই নরম আঁচ, যে
কাঠ পুড়ছে

চাল সেদ্ধ হচ্ছে না



চার

যেভাবে তুমি
এক আশ্চর্য মুদ্রায়
স্থির হয়েছ অবশেষে

সেভাবেই,
আমি গাছের দিকে তাকিয়ে আছি
এতো পাতা, এতো ফল

হাওয়া শিখে নিচ্ছি আস্তে আস্তে...



পাঁচ

কোথাও পেরেক পোঁতার শব্দ
দেওয়ালের কানে হাত রাখলাম
দেখলাম কম্পন নেই

এ বাহানায় ছুঁয়ে দেখা গেল খানিক

৪টি মন্তব্য:

  1. আহা সজলের লেখা কি যে আরাম দেয় আত্মার।

    উত্তরমুছুন
  2. প্রথম কবিতাটি অপূর্ব লাগলো। বাকিগুলো একটু অগোছালো মনে হলো। ভাবনার স্ফূরণ আছে, কিন্তু হয়তো- বা মিতভাষী হতে গিয়ে, তারা পুরোপুরি আগুন জ্বালাতে পারলো না।

    উত্তরমুছুন