শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০১৪

দুটি কবিতা / জয়ন্ত প্রামাণিক


কাকতাড়ুয়া

মাঝখান থেকে ভেসে আসছে
পচা গন্ধ
মাঠ খালি হলেই
বেকার হয়ে পড়ে কাকতাড়ুয়া
হাত গুটিয়ে এক পায়ে দাঁড়িয়ে থাকে
মাঝমাঠে
তারা গোনে আর
প্রাণ ভরে টেনে নেয়
মাঠের শূন্যতা-
অবহেলায় গলে পড়ে
চোখ মুখ
ঢিলে হয়ে আসে কোমরের বাঁধন।
ছোট্ট পাখি বাসা বানাবে, তাই
শরীর থেকে টেনে বের করে আনে
খড় কাপড়
অসহায় কঙ্কাল পড়ে থাকে শুধু
কাকতাড়ুয়া নয়
মুখোমুখি তুমি
     তোমার অতীতের...


পুতুল নাচ

অদৃশ্য হাতের পুতুল হয়ে
সকাল সন্ধ্যা নাচ দেখাচ্ছি।
অন্যের সিদ্ধান্তে-
   দুলে উঠছে হাত-পা-কোমর-
মাথার মধ্যেই শুকিয়ে আসছে ঘিলু
বেঁকে যাচ্ছে মেরুদণ্ড
তবু দর্শক দেখছে-
   বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছি
   চাবুকের মতো টানটান শরীর
   নিখুঁত মেক আপে
   ঠোঁটের কোনায় হাসি সাজানো-

সবকিছুর পরেও-
একটা হাত আছে
সুতো বাঁধা আছে প্রতিটা হাড়ে
   কেউ বুঝতেই চাইল না...

1 টি মন্তব্য: